Press "Enter" to skip to content

হজ ২০২৭-এর আবেদন শুরু, ২০ জুলাই শেষ তারিখ — দেরি না করে সরকারি হজ কমিটির মাধ্যমে আবেদন করার আহ্বান…।

মহম্মদ নঈম : হাওড়া, ৭ জুলাই: পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি হজ ২০২৭-এর জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এ উপলক্ষে হাওড়া জেলা সংখ্যালঘু বিষয়ক দফতর জেলার আগ্রহী হজযাত্রীদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত অনলাইনে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ জুন থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন করা যাবে হজ কমিটি অব ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইট অথবা HAJ SUVIDHA মোবাইল অ্যাপের মাধ্যমে। আবেদনকারীর এমন একটি বৈধ ভারতীয় পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ কমপক্ষে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত রয়েছে। এছাড়াও সাদা পটভূমির / ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ছবি, বাতিল চেক বা ব্যাংক পাসবইয়ের কপি এবং বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে।

হাওড়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার ও সংখ্যালঘু বিষয়ক দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইয়াসমিন বারি জানান, এ বছর সংক্ষিপ্ত হজ প্যাকেজের সুবিধাও থাকবে। প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম অর্থ জমা দিতে হবে। হজের খরচের কিস্তি ও অন্যান্য নির্দেশিকা সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

দফতরের আধিকারিক জিয়াউল হক যাঁদের এখনও পাসপোর্ট নেই, তাঁদের দ্রুত পাসপোর্ট সেবা কেন্দ্রে আবেদন করার পরামর্শ দেন, যাতে পরবর্তীতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়।

পশ্চিমবঙ্গ মোমিন আনসার সভার সভাপতি আবদুল কাইয়ুম আনসারি হজযাত্রীদের শুধুমাত্র সরকারি হজ কমিটির মাধ্যমেই আবেদন করার অনুরোধ জানিয়ে বলেন, কোনও অবৈধ বা অননুমোদিত ট্রাভেল এজেন্টের প্রলোভনে পা দেওয়া উচিত নয়। তাঁর বক্তব্য, ভারত সরকার ও হজ কমিটি অব ইন্ডিয়ার উদ্যোগে প্রশিক্ষণ, আবাসন, যাতায়াত, দিকনির্দেশনা-সহ বিভিন্ন পরিষেবা স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে প্রদান করা হয়, ফলে হজযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন হয়।

এ বছর হজ পালন করে ফেরা হায়দর আলি বরকতী বলেন, হজ অত্যন্ত পবিত্র ইবাদত। তাই এই সফরের প্রস্তুতি আন্তরিকতা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে নেওয়া উচিত।

এদিন আতাউর খান, সাবির ওয়ারসি-সহ হাওড়া জেলার বিভিন্ন এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *