Press "Enter" to skip to content

সবার উপরে উত্তম…।

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ২৪ জুলাই, ২০২৬  মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ‘সবার উপরে উত্তম’ এর প্রথম খণ্ড প্রকাশ করল কল্যাণী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় বইটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তমকুমারের পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়। তিনি মহানায়কের কর্মজীবন ও ব্যক্তিত্বের প্রসঙ্গে বলেন, উত্তমকুমার জীবনে তিনটি ‘ডি’— ডিসিপ্লিন, ডিভোশন ও ডেডিকেশন-কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। এই মূল্যবোধই তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল বলেন, বাংলা চলচ্চিত্রে উত্তমকুমারের ধারে-কাছে কোনও অভিনেতাকে দেখা যায় না। তিনি শুধু একজন শিল্পী নন, বাঙালির আবেগ, ভালোবাসা ও সাংস্কৃতিক পরিচয়ের এক চিরন্তন প্রতীক।

গ্রন্থটির প্রথম খণ্ডে স্থান পেয়েছে ১০টি দেশের অধ্যাপক, সাংবাদিক ও উত্তম-অনুরাগীদের লেখা মোট ৫০টি রচনা। পাশাপাশি রয়েছে মহানায়কের জীবনের নানা দুষ্প্রাপ্য আলোকচিত্র, পোস্টার ও ব্যক্তিগত চিঠি, যা বইটিকে বিশেষ ঐতিহাসিক গুরুত্ব দিয়েছে।

অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, আগামী ৩ সেপ্টেম্বর প্রকাশিত হবে বইটির দ্বিতীয় খণ্ড। জন্মশতবর্ষে মহানায়কের জীবন, কর্ম ও উত্তরাধিকারকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই বিশেষ প্রকাশনার উদ্যোগ।

‘সন্যাসী রাজা’ য় তিনি বলেছিলেন, ‘এবার তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর রাজা সাজতে চাইনা’ ! কিন্তু তিনি চাইলেই কি আমরা তাঁকে ছাড়তে পারি !

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *