Press "Enter" to skip to content

অভিষেক কি গাড্ডায় পড়েছেন…. !

কঙ্ক ঘোষ দস্তিদার ; কলকাতা, ৫ আগস্ট, ২০২৬।  বড় ধাক্কা খেলেন আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের উন্নত চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেও আপাতত সেই অনুমতি দিলনা কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে বিদেশে চিকিৎসার যথেষ্ট কারণ আদালতের সামনে তুলে ধরা হয়নি। তাই প্রথমে কলকাতার এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নেওয়া জরুরি।

আদালতের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে। সেখানে তাঁর শারীরিক অবস্থা, বিশেষ করে চোখের সমস্যার প্রকৃতি খতিয়ে দেখতে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ। বোর্ডের সমস্ত পরীক্ষার বিস্তারিত রিপোর্ট শুক্রবার কলকাতা হাই কোর্টে জমা দিতে হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত।

এদিন আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যেতে রাজি নন ! আইনজীবীর বক্তব্য, দীর্ঘদিন ধরে চলা চিকিৎসা পদ্ধতির ছেদ না পড়ার জন্যই বিদেশে চিকিৎসা করাতে চান অভিষেক ! তাঁদের দাবি, চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আদালত চিকিৎসা বিশেষজ্ঞ নয়। তাই কোন দেশে বা কোন হাসপাতালে চিকিৎসা হবে, সেই সিদ্ধান্ত আদালত নিজের থেকে নিতে পারে না। আদালতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবেদনকারীর চিকিৎসা যথাযথভাবে হওয়া। চিকিৎসা কোথায় হবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত।

একই সঙ্গে আদালত আরও মনে করিয়ে দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি অভিযোগ নিয়ে অন্য একটি বেঞ্চ তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার তদন্ত এখনও জারি। এমনকি বৃহস্পতিবার তিনটি পৃথক এফআইআর সংক্রান্ত আরও একটি মামলারও শুনানি হাই কোর্টে। এই সমস্ত বিষয় মাথায় রেখেই আদালত বিদেশযাত্রার আবেদন বিবেচনা করে।

বিচারপতির পর্যবেক্ষণ অত্যন্ত স্পষ্ট। আদালতের মতে, বিদেশে গিয়েই চিকিৎসা অপরিহার্য, এমন কোন কারণ এখনও প্রতিষ্ঠিত হয়নি ! তাই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার মতো পরিস্থিতি নয়, হাইকোর্টের অভিমত। পাশাপাশি বিচারপতি জানান, এই আবেদন দীর্ঘদিন বিচারাধীন রেখে কোনও লাভ নেই। শেষ পর্যন্ত বিদেশযাত্রার অনুমতি সংক্রান্ত আবেদন খারিজ করার সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের।

প্রথমে ২৯ জুলাই তাঁর আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিল।

তার আগে, ২০ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানির সময়ও বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে।

বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতাতেই উন্নত চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল। তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন কোথায় ? আদালত তখনই জানিয়ে দেয়, প্রয়োজনে এসএসকেএম হাসপাতালেই একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টের নির্দেশেই মামলাটি ফের কলকাতা হাইকোর্টে ফিরে আসে। বুধবারের শুনানিতেও হাই কোর্ট একই অবস্থান বজায় রেখে এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় এবং আপাতত বিদেশে চিকিৎসার অনুমতি দিতে অস্বীকার করে। এখন নজর তাই বৃহস্পতিবারের মেডিক্যাল বোর্ডের পরীক্ষার দিকে। চিকিৎসকদের রিপোর্টে কী উঠে আসে ? বা অভিষেক হাসপাতালে যেতে রাজি হন কিনা !

আমার শুধু প্রশ্ন, তাঁর কি ধারণা এসএসকেএমের চিকিৎসকরা তাঁর চোখের চিকিৎসার যোগ্য নন ! নাকি ১৫ বছর শাসনের পর ভরসা রাখতে পারছেন না সরকারী হাসপাতালের ওপর ! তবে একটা কথা বলতে পারি, ওই হাসপাতালের সিনিয়র কনসালটেন্টরা অনেক আগে পাশ করা।

 

 

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *