কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ৫ জুলাই, ২০২৬। আমরা সাধারণ মানুষ প্রথম ইনিংসেই কুপোকাৎ ! আমার বেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ডের তো চারপাশের অবস্থা দেখে প্রথমেও ভয় ! তার দিকে কেউ আড়চোখে চাইলেও সে আকাশের দিকে তাকিয়ে থাকে ! সেখানে আমীর খানের তিন নম্বর ইনিংস! মানে তৃতীয় বিয়ে, ৬২ বছর বয়সে ! মানতেই হয় কেয়া বাত !
রবিবাসরীয় সকাল। বর্ষার দাপটে কার্যত জলমগ্ন মুম্বই। বৃষ্টির বিরাম নেই, রাস্তাঘাটে জল, কোথাও যানজট, কোথাও আবার ভেঙ্গে পড়া গাছের কারণে থমকে গিয়েছে শহরের ছন্দ। অথচ এই বৃষ্টিভেজা সকালেই মুম্বইয়ের পালি হিলের এক বাড়ীতে লেখা হল নতুন জীবনের গল্প। বাইরে প্রকৃতির উন্মত্ততা, অন্দরমহলে নিঃশব্দে ভালোবাসার উৎসব ! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আজ দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের হাত ধরে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। বহু প্রতীক্ষা, বহু জল্পনা আর অসংখ্য কৌতূহল শেষ, ৫ জুলাই, আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন পথচলা তাঁদের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনও জাঁকজমকপূর্ণ মণ্ডপ, আলো-ঝলমলে রাজকীয় আয়োজন বা হাজারো অতিথির ভিড় নেই ! এই বিয়ের সৌন্দর্য লুকিয়ে তার সরলতায়। দুই পরিবারের মানুষ, হাতে গোনা কয়েকজন আত্মীয় এবং জীবনের দীর্ঘ পথচলার সাক্ষী কিছু ঘনিষ্ঠ বন্ধু মাত্র এই বিশেষ দিনে আমন্ত্রিত। আইনি আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন। নতুন দম্পতি নিজেরাই মেনুর পদ বেছেছেন। তবে তালিকা এখনও গোপনই।
আজ সকাল থেকেই পালি হিলের খান পরিবারের বাসভবনের সামনে কড়া নিরাপত্তার বলয়। একের পর এক বিলাসবহুল গাড়ির লাইন। বাইরে ভিড় অসংখ্য সেলেব পাপারাজ্জির। ব্যক্তিগত অনুষ্ঠান হলেও তিনি আমির খান ! তাঁর মতো সুপারস্টারের জীবনের এমন একটি মুহূর্তের সাক্ষী হতে চায় গোটা দেশ। তাই প্রত্যেকের ক্যামেরা তাক বাড়ীর দিকেই, যদি একবার নবদম্পতির দেখা মেলে।
প্রবল বর্ষণের মাঝেও থামেনি প্রস্তুতি। বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে বিয়ের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে শুরু করে। বারান্দাজুড়ে রঙ্গীন আলোর মালা। আলো, ফুল আর নিভৃত সৌন্দর্যে সেজে ওঠা গোটা বাড়ি। বাহুল্য নয়, আন্তরিকতাই আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় অলঙ্কার। কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে আমির নিজেই জানান, জীবনের এই বিশেষ মুহূর্ত তিনি কেবলমাত্র প্রিয় মানুষদের সঙ্গেই ভাগ করে নিতে চান। তাই ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে যাওয়া চাকচিক্যের মোহ !
জানা গিয়েছে, আমন্ত্রিত অতিথির সংখ্যা দেড়শোর মধ্যে। পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়েই এই অতিথি তালিকা। সকালেই শুভেচ্ছা জানাতে পৌঁছে যান পরিচালক আশুতোষ গোয়ারিকর ও তাঁর স্ত্রী। উপস্থিত রাজনীতিবিদ রাজ ঠাকরেও। তবে প্রবল বৃষ্টিতে কিছুটা সমস্যায় পড়ে আম্বানি পরিবারের কনভয়। আমীরের বাড়ির সামনে একটি গাছ ভেঙ্গে পড়ায় সাময়িকভাবে আটকে যায় তাঁদের গাড়ির বহর।
ইরফান পাঠানও আসেন সকালেই। আজকের অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন অধ্যায় নিঃসন্দেহে আমিরের পরিবারকে ঘিরেই। বাবার নতুন জীবন শুরুর সাক্ষী তাঁর তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান এবং ছোট ছেলে আজাদ। ইরা তাঁর স্বামী নূপুর শিখরের সঙ্গে অনুষ্ঠানে পৌঁছন। অন্যদিকে গৌরী স্প্র্যাটের প্রথম পক্ষের সন্তানও আজ এই পারিবারিক অনুষ্ঠানের অংশ। দুই পরিবারের সম্পর্কের এই মেলবন্ধনই যেন প্রমাণ করে, এই বিয়ে শুধু দুই মানুষের নয়, দুই পরিবারেরও নতুন যাত্রা।
শোনা গিয়েছিল, থাকার কথা আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাওয়েরও। কিন্তু, তাঁরা দুজনেই এড়িয়ে গিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের সমাপ্তি ঘটলেও পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব কখনও ফিকে হয়নি। বরং সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও পরিণত হয়েছে। কিরণ, রিনা এবং গৌরীর মধ্যে আন্তরিক সম্পর্কের ছবিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তবে উপস্থিত ছিলেন আমীরের মা জিনা খান এবং গৌরীর মা রিটা স্প্র্যাট।
অতিথি তালিকায় রয়েছেন আমিরের বোনদের পরিবার, রাজকুমার সন্তোষীর মতো দীর্ঘদিনের বন্ধুও। শাহরুখ খান ও সলমন খানের উপস্থিতির কোনও খবর নেই। তবে বলিউডে জোর গুঞ্জন, পরে বন্ধুকে শুভেচ্ছা জানাতে হাজির হতে পারেন দুই খান।
এই বিয়ে আর পাঁচটা তারকার বিয়ের মত নয়। এর সঙ্গে জড়িয়ে সময়ের গল্প। ৬২ বছরে দাঁড়িয়ে আবারও ভালোবাসাকে নতুন করে বিশ্বাস করার গল্প ! চলতি বছরের মার্চ মাসে নিজের জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করান আমির। জানান, প্রায় দু’বছর ধরে তাঁদের সম্পর্ক। তখন থেকেই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন,—তবে কি এবার বিয়ে? আজ সেই প্রশ্নের উত্তর মিলছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, “আমার বিয়ে ৫ জুলাই। একদম ঘরোয়া এবং ব্যক্তিগত অনুষ্ঠান। আমাদের জীবনের অত্যন্ত বিশেষ একটি দিন হতে চলেছে। দুই পরিবারের সদস্য এবং কয়েকজন বিশেষ বন্ধু শুধু নিমন্ত্রিত। বাড়িতেই ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন। আপনাদের সকলের আশীর্বাদ চাই। আমাদের জন্য প্রার্থনা করবেন, যেন আমরা সুখে থাকতে পারি।”
মুম্বইয়ের আকাশে কালো মেঘের ঘনঘটা হলেও বান্দ্রার পালি হিলের সেই বাড়িতে আজ অন্য রোদ ! জীবনের পথে বহু উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতা, সম্পর্কের ভাঙ্গাগড়া পেরিয়ে আবারও নতুন স্বপ্ন আমিরের চোখে ! ভালোবাসার কোনও নির্দিষ্ট বয়স নেই, আজ সেই কথাই আরও একবার প্রমাণ করে দিলেন বলিউডের এই তারকা।
পিঁড়িতে বসতে ভয় পেলেও, আমরা আমীর এবং গৌরীকে শুভেচ্ছা তো জানাতেই পারি।













Be First to Comment