নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৮ জুন, ২০২৬। রূপোলী পর্দার দুর্দান্ত অভিনেতা এবং আজীবন কট্টর ইস্টবেঙ্গল সমর্থক প্রয়াত রাহুল ব্যানার্জীর স্মৃতির উদ্দেশ্যে এক অভিনব শ্রদ্ধার্ঘ্যের সাক্ষী হলো তিলোত্তমা। রাহুল এর অন্যতম শেষ অভিনীত চলচ্চিত্র “ছবিওয়ালা”-র পক্ষ থেকে এবং পরিচালক বাপ্পার উদ্যোগে গত ১৫ই জুন সোমবার কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে আয়োজিত হলো একটি বিশেষ ট্রিবিউট এক্সিবিশন ম্যাচ।বাঙালির ফুটবল আবেগে গ্যালারি আর সিনেমার মেলবন্ধন ঘটিয়ে এই বিশেষ ইভেন্টের মূল ট্যাগলাইন রাখা হয়েছিলো “লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা”।গ্যালারিতে রাহুল ব্যানার্জীর সেই চেনা মশাল, জয়ধ্বনি আর ফুটবল নিয়ে উন্মাদনা টলিউড ও ময়দান উভয় মহলই আজ ভীষণভাবে মিস করে। আর তাই, প্রিয় সমর্থককে মাঠ থেকেই পরম শ্রদ্ধা জানাতে এবার বুট পায়ে সবুজ গালিচায় নেমেছিলেন একঝাঁক প্রাক্তন তারকা লাল-হলুদ ফুটবলাররা। এই বিশেষ ম্যাচে খেলতে দেখা গেলো অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, সৈয়দ রহিম নবী, অসীম বিশ্বাস, অর্ণব মন্ডল , সৌমিক দে, মহ: রফিক সহ ইস্টবেঙ্গলের বহু প্রাক্তনী ও দিগ্বজ তারকাদের। খেললেন ও উপস্থিত ছিলেন পরিচালক বাপ্পা, সহ প্রযোজক শতদীপ সাহা, দেবলীনা দত্ত, সাহেব চট্টোপাধ্যায়, রিষব বসু, রানা বসুঠাকুর, সৌম্য ব্যানার্জি, মৌমিতা হরির মতো টলিউডের বিশিষ্ট অতিথিগণ।
চলচ্চিত্র দুনিয়া বা ক্রীড়া জগতের ইতিহাসে সাম্প্রতিক কালে কোনো অনুরাগীর স্মরণে এই পর্যায়ের নব ও মহৎ উদ্যোগ দেখা যায়নি। এই ঐতিহাসিক আয়োজনকে সফল করতে এবং মাঠের অনুমতি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকার এবং ক্লাবের সম্পাদক রূপক সাহা-কে ‘ছবিওয়ালা’ টিমের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পরিচালক বাপ্পা জানান, “মানুষটা হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু ওঁর রেখে যাওয়া অন্যতম শেষ ছবি ‘ছবিওয়ালা’ আর এই মাঠের আবেগের মধ্যে দিয়েই রাহুল আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।” সমগ্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও ময়দান একজোট হয়ে এই অনন্য শ্রদ্ধার্ঘ্যের অংশ হয়েছেন।
ফুটবল আর সিনেমার এই যৌথ আবেগ দেখতে ১৫ই জুন মাঠে উপচে পড়া ভিড় হয়েছিলো, তা বলাই বাহুল্য।
দুটি সুন্দর ট্রফি দেওয়া হয় দুটি খেলার বিজয়ীদের।
রাহুল মেমোরিয়াল ও ছবিওয়ালা ট্রফি।
উল্লেখ্য, পরিচালক বাপ্পার পরিচালনায় ও শান্তনু নাথের লেখায় এই ‘ছবিওয়ালা’ চলচ্চিত্রে প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রিমি দেব, রানা বসু ঠাকুর, আরাধনা জানা, খালিদ মাহমুদ তূর্য, অর্পণ বসু প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যঋত এবং নেপথ্যকণ্ঠে শোনা যাবে রূপম ইসলাম, সোমলতা আচার্য্য চৌধুরী ও জোজোর মতো জনপ্রিয় শিল্পীদের মন মাতানো গান।


















Be First to Comment