Press "Enter" to skip to content

মিড ডে মিলে আম…।

কঙ্ক ঘোষ দস্তিদার : মালদহ, ১৩ জুলাই, ২০২৬। রাজ্য সরকারের মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেয়ে মাথাপিছু ১০ টাকা ১৭ পয়সা হওয়ার পর যেখানে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা, সয়াবিন-সহ পুষ্টিকর খাবারের উপর জোর দেওয়া হচ্ছে, সেখানে মালদহের এক প্রাথমিক বিদ্যালয় নিজস্ব উদ্যোগে মিড ডে মিলের মেনুতে যুক্ত করেছে জেলার বিখ্যাত আম।

এই অভিনব উদ্যোগ দেখা গিয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের সেকেন্দরপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় আমের মরশুমজুড়ে প্রতিদিন মিড ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিবেশন করা হচ্ছে হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়া-সহ বিভিন্ন প্রজাতির আম। নিয়মিত ভাত, ডাল ও তরকারির পাশাপাশি আলাদা করে আম দেওয়া হচ্ছে পড়ুয়াদের পাতে।

বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক বিবেক বরণ মণ্ডল জানান, আগে বিশেষ দিনেই ছাত্রছাত্রীদের আম বা অন্যান্য বিশেষ খাবার খাওয়ানো হতো। তবে এলাকায় প্রচুর আমবাগান থাকায় অনেক সময় স্থানীয় অভিভাবকেরা স্বেচ্ছায় আম দিয়ে যান, আবার কখনও শিক্ষকরা নিজেরাই আম কিনে এনে ছাত্রছাত্রীদের খাওয়ান। তিনি জানান, আমের মরশুম যতদিন থাকবে, ততদিন এই উদ্যোগ চলবে। শুধু তাই নয়, গত তিন বছর ধরে বিদ্যালয়ে ‘আম উৎসব’-ও আয়োজন করা হচ্ছে।

চতুর্থ শ্রেণির ছাত্রী অদ্রিজা মণ্ডল জানায়, পড়াশোনা ও টিফিনের পর মিড ডে মিল খাওয়ানো হয়। ভাত, ডাল ও তরকারির পাশাপাশি আলাদা বাটিতে আম দেওয়া হয়। বাড়ির পাশাপাশি স্কুলেও প্রতিদিন আম খেতে পেয়ে তাদের খুব ভালো লাগে এবং স্কুলে আসার আগ্রহ আরও বেড়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১২৫ জন ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে। প্রতিদিনই অধিকাংশ পড়ুয়া উপস্থিত থাকে। ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলার পাশাপাশি পুষ্টিকর খাবারের অভ্যাস গড়ে তুলতেই মিড ডে মিলের সঙ্গে আম পরিবেশনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন ছুটির আগে সামাজিক শিক্ষা নিয়ে একটি বিশেষ ক্লাসও নেওয়া হয়।

বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় অভিভাবক, শিক্ষক মহল এবং এলাকার বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে।

More from EducationMore posts in Education »
More from WorldMore posts in World »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *