নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬।আমাদের দেশে হৃদরোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বাড়ছে অল্পবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনাও। প্রতি বছর প্রায় আঠাশ শতাংশ মানুষ এদেশে হৃদরোগে মারা যান। এই মৃত্যুহার কমাতে জন সচেতনতা অত্যন্ত জরুরী। বিশ্ব ব্যাপী মানুষকে এবিষয়ে সচেতন করতে ওয়ার্ল্ড হার্ট ফেডারাশনের ডাকে প্রতি বছর ২৯শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হয়। এই উপলক্ষ্যে ক্যালকাটা কার্ডিওলজি ফাউন্ডেশন, ভারত সেবাশ্রম সংঘ ও কালিকাপুর আগুয়ান সঙ্ঘের যৌথ উদ্যোগে সঙ্ঘের ক্রীড়াঙ্গনে একটি বৃক্ষ রোপণ উৎসব ও সিপিআর প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভারত সেবাশ্রম সংঘের জেনারেল সেক্রেটারি স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রকাশ কুমার হাজরা।
সংঘগুরু স্বামী প্রণবানন্দজীর প্রতিকৃতিতে মাল্যদানের পর সেক্রেটারী মহারাজের বৃক্ষ রোপনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। দুটি বেল ও পাঁচটি মেহগিনি গাছের চারা লাগান হয়। গাছগুলির নাম রাখা হয় সপ্তর্ষি মন্ডলের সাত ঋষির নামে।
পথে ঘাটে হঠাৎ হার্ট অ্যাটাকে, দুর্ঘটনায় বা অন্য কোন কারনে মানুষ অজ্ঞান হয়ে গেলে রোগীর প্রাণ বাঁচাতে কাছে উপস্থিত জনের সিপিআরের মত প্রাথমিক চিকিৎসা জানা খুবই প্রয়োজন। এই জন্য ক্যালকাটা কার্ডিওলজি ফাউন্ডেশন নিয়মিত সিপিআর ট্রেনিং ক্যাম্পের আয়োজন করে থাকে। আজকের অনুষ্ঠানে সিপিআর শেখান ডা. পি কে হাজরা ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সুনীপ ব্যানার্জি।
বিভিন্ন বক্তাদের কথা থেকে উঠে আসে ধুমপান না করলে, ছোট থেকে খেলাধুলা, ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করলে ও সব ডায়েট মেনে চললে, ডায়বিটিস ও হাইপার টেনশন থাকলে নিয়মিত ওষুধ খেলে অন্য অনেক অসুখের সঙ্গে হার্টের অসুখকেও অনেকটাই দূরে রাখা যায়। সেক্রেটারি মহারাজ, ডা. হাজরা, ডা. ব্যানার্জি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. অর্ণব মাইতি, বিশিষ্ট পালমোনলজিস্ট ডা. অণির্বাণ দেব, ডা. এস এস দাস, এবং স্বামী প্রণবানন্দ ইনিস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনলজির ডাইরেক্টর শ্রী প্রবীর দে। আধ্যাতিকতা ও বিজ্ঞানের মেলবন্ধনে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে।


















Be First to Comment