Press "Enter" to skip to content

উত্তর ২৪ পরগনায় লোক আদালতে একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি কোটি টাকার বিরোধের সমাধান…।

মোল্লা জসিমউদ্দিন : ১২  সেপ্টেম্বর, ২০২৬। শনিবার সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় জাতীয় লোক আদালতে মোট ৫০টি বেঞ্চ গঠন করা হয়। এর মধ্যে সদর এলাকায় মোট ২২টি বেঞ্চ, যার মধ্যে ১টি কনজিউমার ফোরামের বেঞ্চ ছিল। এছাড়া বনগাঁয় ৬টি,বিধাননগরে ৫টি, ব্যারাকপুরে ৭টি এবং বসিরহাটে ১০টি বেঞ্চ ছিল।এদিন জাতীয় লোক আদালতে মোট ৪৮,১০৭টি প্রি-লিটিগেশন মামলা এবং ৬,২১৪টি পোস্ট-লিটিগেশন মামলা উপস্থাপিত হয়। পোস্ট-লিটিগেশন মামলাগুলির মধ্যে ৪১৫টি দুর্ঘটনা সম্পর্কিত বিমা মামলা ছিল।একদিনের এই বৃহৎ আয়োজনে হাজার হাজার মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এবং কোটি কোটি টাকার অর্থের নিষ্পত্তি ও পুনরুদ্ধার হয়েছে। এর ফলে বহু মামলাকারী দীর্ঘদিনের মামলা-মোকদ্দমার জটিলতা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি দ্রুত, সাশ্রয়ী ও সৌহার্দ্যপূর্ণভাবে তাঁদের বিরোধের নিষ্পত্তির সুযোগ পেয়েছেন।এই প্রসঙ্গে শ্রী সুকুমার রায় (মাননীয় জেলা ও দায়রা বিচারক, উত্তর ২৪ পরগনা এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, উত্তর ২৪ পরগনার চেয়ারম্যান) জাতীয় লোক আদালতের এই সাফল্যকে সমগ্র উত্তর ২৪ পরগনা জেলার জন্য এক বিরাট সাফল্য ও উল্লেখযোগ্য অর্জন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, -“মাত্র একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি নিঃসন্দেহে একটি বড় সাফল্য। এর ফলে আদালতগুলিতে বিচারাধীন মামলার চাপ অনেকটাই কমবে এবং আদালতগুলি আরও গুরুত্বপূর্ণ ও গুরুতর মামলাগুলির প্রতি অধিক মনোযোগ দিতে পারবে।”তিনি আরও উল্লেখ করেন যে, -“লোক আদালতের মাধ্যমে মামলাকারীরাও বিশেষভাবে উপকৃত হন। দীর্ঘদিন ধরে মামলা পরিচালনার ক্ষেত্রে যে সময়, শ্রম ও অর্থ ব্যয় হয়, তা সাশ্রয় হয়, এবং পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিরোধের নিষ্পত্তি সম্ভব হয়। ফলে ন্যায়বিচার যেমন সহজলভ্য হয়, তেমনই বিচারব্যবস্থার উপর মামলার চাপও হ্রাস পায়”।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *