Press "Enter" to skip to content

সনাতনী শিক্ষা প্রতিষ্ঠানের “যুগপুরুষ” সম্মাননা পেলেন চার বাঙালি..।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৭ জুন, ২০২৬। প্রাচ্যবিদ্যার প্রসার ও সনাতনী শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান কলকাতার ইন্সটিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড   রিসার্চ আয়োজিত চতুর্থ বর্ষ সমাবর্তন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হল সিমলা স্ট্রীটে স্বামী-বিবেকান্দের বসতভিটা সংলগ্ন অডিটোরিয়ামে। ১৩ জুন বাৎসরিক অনুষ্ঠানে দেশী-বিদেশী প্রতিনিধিদের সামনে বাংলার চার জন বিশিষ্ট বাঙালিকে “যুগপুরুষ” সম্মানে ভূষিত করা হয়। বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক তথা অলংকার জগতের বিশিষ্ট উদ্যোগপতি রূপক সাহা, প্রাচীনতম মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থার বর্ষীয়ান কর্ণধার প্রদীপ মল্লিক এবং কলকাতা পুলিশের এ্যাডিশনাল কমিশনার (৩) শুভঙ্কর সিনহা সরকার “যুগপুরুষ” সম্মানে ভূষিত হন।

উক্ত দিন শঙ্খধ্বনি ও স্তোত্রপাঠের পর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন বেলুড় মঠ ও মিশনের ট্রাস্টি স্বামী জ্ঞানলোকানন্দ, প্রবীণ সন্ন্যাসী স্বামী বিশ্বনাথানন্দ, স্বামী সুধাকরানন্দ, ড. বিশ্বরঞ্জন পতি, বারাণসীর শ্রীমৎ রুদ্রাক্ষ মহারাজ, শিক্ষাবিদ ড. দেবাশিষ গঙ্গোপাধ্যায়, রজত ভট্টাচার্য্য, আয়োজক শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক আচার্য শ্যামল ভট্টাচার্য্য, সভাপতি  মধুসূদন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকল বক্তাই স্বামী বিবেকানন্দের ভাবধারায় দেশের কল্যাণ ও যুব সমাজকে সঠিক পথে চালনা করার পক্ষে একমত হন। স্বামীজির স্বপ্ন ও তাঁর অসমাপ্ত কাজগুলিকে শিক্ষা ও সামাজিকতার মাধ্যমে সম্পাদন করার পক্ষে সওয়াল করেন প্রত্যেকেই। উক্ত দিন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বিশেষ কারণে উপস্থিত হতে না পারলেও তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়।

 

ইন্সটিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এ্যান্ড রিসার্চ- এর চেয়ারম্যান আচার্য শ্যামল ভট্টাচার্য্য বলেন, ভারতের সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে তাঁরা বেদ-উপনিষদ, সংস্কৃত সহ প্রাচ্যবিদ্যার বিভিন্ন শাখায় কোর্স পরিচালনা করেন। শিক্ষার মূল্যবোধে তাদের পাঠ্যক্রমকে জীবিকামুখী করার প্রয়াস চালানো হচ্ছে। বিশেষত, সনাতনী ভাবনায় আবৃত সমস্ত কার্যক্রমে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হওয়ার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁদের এই ” যুগপুরুষ’ সম্মাননা প্রদান সকলকে উদ্বুদ্ধ করবে।

তথ্য সহায়তা ও ছবি সুবল সাহা।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *