সঞ্জয় হাজরা : কলকাতা, ৬ সেপ্টেম্বর, ২০২৬। পশ্চিমবঙ্গের প্রাচীন পর্বতারোহণ সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশন রবিবার ৬ সেপ্টেম্বর কলকাতা থেকে পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলের গিরি শৃঙ্গ অভিযানে উদ্দেশে হাওড়া স্টেশন থেকে রওনা দিলো । তাঁদের এবারের লক্ষ্য মাউন্ট কাং ইয়াত্সে—যার উচ্চতা ৬,৪০১ মিটার (প্রায় ২১,০০০ ফুট)।
অভিযানে রওনা দেওয়ার আগে গত ২ রা সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চে অভিযাত্রী দলের দলনেতা সুব্রত চক্রবর্তী এবং ম্যানেজার অমিতাভ বিশ্বাস -সহ অন্যান্য সদস্য- শুভঙ্কর দত্ত, শঙ্কর রায়, বিশ্বম্ভর পাঁজা, অপর্ণা গায়েন, ডক্টর নীরেন্দ্র নাথ সাহা-র হাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা তুলে দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী অলোক কুমার মুখোপাধ্যায় এবং সহ-সভাপতি শ্রী সুশান্ত কুমার মজুমদার।
এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন খ্যাতনামা বর্ষীয়ান পর্বতারোহী শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতি অভিযাত্রী দলের সদস্যদের আরও উৎসাহিত করে।
উল্লেখ্য, আজ ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় হাওড়া স্টেশন থেকে ট্রেনে লাদাখের উদ্দেশে যাত্রা করল এই অভিযাত্রী দল। দুর্গম ও উচ্চতর পার্বত্য পরিবেশে এই অভিযান সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি অভিযান চলাকালীন সময়ে ওই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের যাতে কোনও রকম ক্ষতি না হয় সেই দিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়ার কথা দলের সদস্যরা জানিয়েছেন । বরফ , হিমেল বাতাস আর অজানার হাতছানি পেরিয়ে শৃঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে এবার তাঁদের যাত্রা মেঘের রাজ্যে জয়ের খোঁজে।











Be First to Comment