নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ অগস্ট, ২০২৬। অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত আলোচনার উদ্দেশ্যে শনিবার কলকাতার কনভেনশন সেন্টারে একটি সেমিনারের আয়োজন করে হায়ার অ্যান্ড স্টেট অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ। সেমিনারের বিষয় ছিল— ‘West Bengal: Unfolding Story of Excellence of Economic and Industrial Development and Public Finance’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী শ্রী ড. স্বপন দাশগুপ্ত, শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের মন্ত্রী শ্রী তাপস রায়, উচ্চশিক্ষামন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অর্থ দফতরের প্রতিমন্ত্রী শ্রী আনন্দময় বর্মন। বক্তারা রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা, শিল্পোন্নয়ন এবং উচ্চশিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
সেমিনারের একাডেমিক অধিবেশনে বক্তব্য রাখেন আইআইএম কলকাতা (জোকা)-এর প্রাক্তন অধ্যাপক শ্রী ড. অম্বুজাক্ষ মহান্তি এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শ্রী ড. শুভনীল চৌধুরী। গবেষণালব্ধ তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে তাঁরা পশ্চিমবঙ্গের অর্থনীতির সাম্প্রতিক গতিপ্রকৃতি, শিল্পোন্নয়নের পরিবর্তিত চিত্র এবং ধারাবাহিক উন্নয়নে সুষ্ঠু সরকারি আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব বিশ্লেষণ করেন। পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।
আলোচনায় উঠে আসে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিচক্ষণ আর্থিক পরিকল্পনা, সরকারি সম্পদের কার্যকর ব্যবহার এবং তথ্যনির্ভর নীতিনির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রশাসন, শিক্ষাজগত এবং অডিট ও অ্যাকাউন্টস পরিষেবার আধিকারিকদের মধ্যে মতবিনিময়ের ক্ষেত্র হিসেবেও সেমিনারটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আলোচনায় উল্লেখ করা হয়, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের আধিকারিকেরা রাজ্যের আর্থিক প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। রাজ্য বাজেট প্রণয়ন, বিভিন্ন দফতরে আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন, সরকারি আর্থিক ব্যবস্থাপনায় ই-গভর্ন্যান্সের প্রসার এবং ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস) বাস্তবায়নে তাঁদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী পার্থ চক্রবর্তী বলেন, রাজ্যের উন্নয়ন, সরকারি অর্থব্যবস্থা এবং অর্থনৈতিক নীতি নিয়ে তথ্যসমৃদ্ধ ও গঠনমূলক আলোচনার পরিবেশ গড়ে তোলাই এই সেমিনারের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনঅর্থনীতি, সুশাসন এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অর্থবহ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।









Be First to Comment