গোপাল দেবনাথ : কলকাতা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬। ভারতের একমাত্র ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব, যেখানে প্রাকৃতিক ও কৃত্তিম গ্রাউন্ড পাশাপাশি অবস্থিত। গত শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬, এই মহতী অনুষ্ঠানে ক্লাবের নবনির্মিত কৃত্তিম গ্রাউন্ডের উদ্বোধন করলেন শহরের মাননীয় মেয়র এবং রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, আবাসন ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য সরকারের (ক্রীড়া ও যুব কল্যাণ) দপ্তরের প্রিন্সিপ্যাল সচিব রাজেশ কুমার সিনহা, আইএএস, কর্নেল ল্যান্ড, ক্লাব সভাপতি মুরারী লাল লোহিয়া, সাধারণ সচিব রূপক সাহা, ফুটবল ও ক্রিকেট সচিব যথাক্রমে সৈকত গাঙ্গুলি ও সঞ্জীব আচার্য্য, দেবব্রত সরকার সহ একাধিক ক্লাব কর্তা। ছিলেন ক্লাবের বহু প্রাক্তন খেলোয়াড় ও সদস্য সমর্থকগণ। ক্লাবের তরফে প্রয়াত ইলিয়াস পাশার স্ত্রী সাঈদা বেগম কে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। তিনি এই সহায়তায় এবং সম্মানে আপ্লুত। তাঁর সঙ্গে ছিলেন তাঁদের কন্যা ফারিয়া আরজুমা খানসা ও পুত্র জাবিউল্লা মহম্মদ। ইস্টবেঙ্গল মাঠে রকমারি আলোর রোশনাইয়ের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো ক্লাবের নবনির্মিত কৃত্তিম গ্রাউন্ড এর। 
বিষাদের মাঝেও সৃষ্টি, সৌভ্রাতৃত্ব, ফিরে দেখা কোথাও যেন এদিন ইস্টবেঙ্গল ক্লাবে মিলেমিশে একাকার হয়ে গেল। কয়েকদিন আগেই ক্লাবের প্রাক্তন অধিনায়ক ১৭ নম্বর জার্সিধারী ইলিয়াস পাশার জীবনাবসান হয়েছে। তাঁর চিকিৎসা বাবদ ইস্টবেঙ্গল ক্লাব ও খেলোয়াড়েরা তাঁর এবং পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিল, যা এ ক্লাবের পরম্পরা। তবে তার আগেই তিনি গত হন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ক্লাব ও প্রাক্তন খেলোয়াড়েরা মিলিত ভাবে পাশার পরিবারের হাতে আজ ১১ লক্ষ টাকা তুলে দিল। সেইসঙ্গে পাশার পরিবারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে বেনিফিট ম্যাচ খেলতে নেমে পড়লেন একাধিক প্রাক্তন ফুটবলার। দর্শকরা এলেন, অতীতকে ফিরে দেখলেন ওঁদের ফুটবলের আলপনায়। খেলা হলো ইস্টবেঙ্গল অল স্টার বনাম ইস্টবেঙ্গল লিজেন্ড এর মধ্যে। ম্যাচে চন্দন দাসের করা একমাত্র গোলে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল লিজেন্ড। আরেকটি ম্যাচে টিম ইস্টবেঙ্গল ৫-০ গোলে পরাজিত করে টিম এফ.পি.এ.আই. কে। গোল করে সৌমিক দে, আলভিটো ডি’কুনহা, রফিক ও বাইচুং-২। 
শারীরিক অবস্থা বিরুদ্ধে যাওয়া সত্ত্বেও ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি মাঠে ছিলেন, খেলায় অংশগ্রহণ করেন বিকাশ পাঁজি, তুষার রক্ষিত, শিশির ঘোষ, বাইচুং ভুটিয়া, আলভিটো ডি’কুনহা, রহিম নবী, সৌমিক দে, দুলাল বিশ্বাস, মেহতাব হোসেন, অর্ণব মন্ডল, সন্দীপ নন্দী, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, দীপক মন্ডল, মেহরাজুদ্দিন, ব্যারেটো, অসীম বিশ্বাস, সুলে মুসা, চন্দন দাস, ফাল্গুনী দত্ত, সূর্যশেখর সহ ওঁরা রাতের আলোয়, ইস্টবেঙ্গল ক্লাবের আজকেই উদ্বোধন হওয়া কৃত্রিম ট্র্যাকে অতীতের ঝলক দেখালেন। সৌভ্রাতৃত্ব আর সহমর্মীতার মিশেল তো একেই বলে।
যেখানে দর্শকদের বিনা অর্থে এমন অনুষ্ঠানের সাক্ষী থাকার সুযোগ দিয়ে নিজেরাই অর্থের সংকুলান করলেন। এদিন কৃত্রিম মাঠ উদ্বোধনের আগে আতশ বাজির প্রদর্শনী হয় যা এক কথায় অসাধারণ।











Be First to Comment