Press "Enter" to skip to content

জোকা-এসপ্ল্যানেড মেট্রো – সিঁধ কেটে ‘দুর্গা’ ভিক্টোরিয়ায়…।

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ১০ জুলাই, ২০২৬। কলকাতা মেট্রো নির্মাণের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প। বহু প্রতীক্ষিত এই করিডরের কাজে নতুন গতি এনে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে গেল টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ ! শহরের বুকের অনেকটা নীচে নিরলস পরিশ্রম করে এগিয়ে চলা এই বিশাল যন্ত্রের অগ্রগতি শুধু একটি নির্মাণ প্রকল্পের সাফল্য নয়, বরং কলকাতার ভবিষ্যৎ গণপরিবহণ ব্যবস্থার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত। তাও এক বছরের মধ্যে !

জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিলোমিটার দীর্ঘ যুগ্ম টিউব টানেল নির্মাণ। এই বিশাল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে দুটি অত্যাধুনিক টানেল বোরিং মেশিন—‘দুর্গা’ এবং ‘দিব্যা’ ! শহরের ব্যস্ত রাস্তা, ঐতিহ্যবাহী স্থাপনা এবং ঘনবসতিপূর্ণ এলাকার প্রায় ১৭ মিটার নিচে সুড়ঙ্গ কেটে এগিয়ে চলেছে এই দুই যন্ত্র। একদিকে ‘দুর্গা’ পার্ক স্ট্রিট তথা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকের টানেল নির্মাণ করছে, অন্যদিকে ‘দিব্যা’ কাজ করছে জোকামুখী লাইনে। দু’টি যন্ত্রই সমান দক্ষতার সঙ্গে মাটির গভীরে নিরবচ্ছিন্নভাবে সুড়ঙ্গ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

‘দুর্গা’ টানেল বোরিং মেশিনটি তৈরি হয়েছে চেন্নাইয়ে। প্রায় ৯০ থেকে ৯৫ মিটার দীর্ঘ এবং প্রায় ৬০০ থেকে ৬৫০ টন ওজনের এই বিশাল যন্ত্র আধুনিক প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন ! আকার বিশাল, তেমনই নিখুঁত কাজের ক্ষমতা ! প্রতি মিনিটে প্রায় ৮০ মিলিমিটার হারে মাটি কেটে এগিয়ে যেতে সক্ষম এই নতুন প্রজন্মের টিবিএম। ফলে দ্রুততার পাশাপাশি সুড়ঙ্গ নির্মাণের কাজ অত্যন্ত নিরাপদ এবং নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দুর্গা’ এবং ‘দিব্যা’—দুটি টিবিএমেই একাধিক আধুনিক সুরক্ষা ব্যবস্থা। ইনফ্লেটেবল সিল, প্রেসার ট্রান্সডিউসার, টেল স্কিন গ্রিস (টিএসজি) লাইন, ব্যাকআপ টিএসজি পাম্প-সহ নানা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কলকাতার মাটির বিশেষ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য মাথায় রেখেই এই যন্ত্রগুলি তৈরি ও পরিচালিত ! ফলে সুড়ঙ্গ খননের সময় নিরাপত্তা, স্থায়িত্ব এবং নির্মাণের মান—সব দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষের আশা, ‘দুর্গা’-র সুড়ঙ্গ খননের কাজ ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ হবে। অন্যদিকে ‘দিব্যা’-র ব্রেকথ্রু বা নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৭ সালের মার্চ মাসে। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন হলে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সফলভাবে শেষ হবে এবং ভবিষ্যতে দক্ষিণ কলকাতার সঙ্গে শহরের কেন্দ্রস্থলের যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠবে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন পর্যন্ত ‘দুর্গা’-র পৌঁছে যাওয়া তাই শুধুমাত্র একটি যান্ত্রিক অগ্রগতি নয়, বরং কলকাতার আধুনিক নগর পরিবহণ ব্যবস্থার স্বপ্নপূরণের এক বড় পদক্ষেপ ! মাটির গভীরে নিরলস পরিশ্রম করে এগিয়ে চলা এই বিশাল যন্ত্র, নীরবে লিখে চলা শহরের আগামী দিনের নতুন ইতিহাস ! প্রতিটি মিটার সুড়ঙ্গ খননের সঙ্গে একটু একটু করে কাছে চলে আসছে সেই দিন, জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোরেল পরিষেবা কলকাতাবাসীর দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, দ্রুত এবং স্বস্তিদায়ক করে তুলবে।

আমাদের তরফ থেকে এই সাফল্যের জন্য থাকল ঐকান্তিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভারত কি তাহলে সত্যিই এক বিকশিত ভারত ! এই সাফল্য দেখে আপনাদের কি মনে হয় ?

 

 

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *