চন্দন রুদ্র : কলকাতা, ৭ জুলাই, ২০২৬। বিদায় বিশ্বকাপ! ফুটবলে বিশ্বজয়ের স্বপ্নপূরণ তাঁর আর হল না। বিশ্বকাপ ফুটবলের মহারণ থেকে চোখের জলে বিদায় নিলেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাঁকে বিশ্বকাপের আসরে দেখা যাবে না।
জয়ের স্বপ্ন নিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু শেষ রক্ষাটি আর হল না। খেলার অতিরিক্ত সময়ে এক গোলে জিতে ২০১০ সালের বিশ্বজয়ী স্পেন ২০২৬ বিশ্বকাপ থেকে পর্তুগালকে ছিটকে দিল। এক স্বপ্নভঙ্গ মন নিয়ে পর্তুগিজ সমর্থকদের হতাশ করে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন পর্তুগালের এই কিংবদন্তি তারকা।
পাঁচ বার ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন। দীর্ঘ ফুটবল কেরিয়ারে তিনি অনেক সাফল্যই পেয়েছেন। ক্লাব ফুটবলের অসংখ্য সাফল্য তাঁকে তারকার আসনে বসিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নাম লিখিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তরুণ রোনাল্ডোর সোনালি দিনের সূচনা হয়েছিল।
দেশের হয়ে তাঁর বড় সাফল্য সেই ২০১৬ সালে ইউরো কাপ জয়। তবে স্বপ্নের বিশ্বকাপটা আর জিততে পারলেন না রোনাল্ডো। পর্তুগাল ফুটবলের দুই কিংবদন্তি মহাতারকা ইউসোবিয়ো আর লুইস ফিগোর মতো তাঁর কাছেও ফিফা বিশ্বকাপটা তাই অধরাই থেকে গেল।
টানা ছ’টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড তাঁর দখলে। ক্লাব ফুটবলে অসংখ্য জয়। তবু ৪১ বছর বয়সে স্বপ্নপূরণের লড়াইয়ে নেমে জীবনের শেষ বিশ্বকাপটা সেভাবে স্মরণীয় করে রাখতে পারলেন না CR7।
তবে তিনি একা নন। তাঁর আগে ফুটবল দুনিয়া কাঁপিয়ে গিয়েছেন এমন অনেক তারকা ফুটবলারের সাফল্যের ক্যাবিনেটেও বিশ্বকাপটা নেই। রোনাল্ডোর মতোই চোখের জলে বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছেন তাঁরা। 
হাঙ্গেরির ফেরেঞ্জ পুসকাস, ইংল্যান্ডের জর্জ বেস্ট, জার্মানির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান, ইটালির পাওলো মালদিনি, রবার্তো বাজ্জিও থেকে ব্রাজিলের জিকোর মতে নক্ষত্র ফুটবলাররাও বিশ্বকাপটা আর জিততে পারেননি।
ফুটবলে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিয়োনেল মেসি বিশ্বকাপ জিতেছেন। দেশের হয়ে বিশ্বকাপ জিতে তিনি আর্জেন্টিনার কিংবদন্তি মহাতারকা প্রয়াত দিয়েগো মারাদোনার সাফল্যকে ছুঁয়ে ফেলেছেন। এ বারও তাঁকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকেরা আবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন।
মেসির সঙ্গে বিশ্বকাপ জয়ের দৌড়ে হেরে গেলেন রোনাল্ডো। ২০০৬ থেকে ২০২৬। টানা ছ’টি বিশ্বকাপে লড়েও বিশ্বকাপটা আর পেলেন না। একরাশ অপ্রাপ্তি নিয়েই ভারাক্রান্ত মনে বিশ্বকাপের আসর থেকে চোখের জলে বিদায় নিলেন তিনি। তবে বিশ্বকাপটা না জিততে পারলেও এটা নিশ্চিত দুনিয়ার সর্বকালের সেরা ফুটবল তারকাদের তালিকায় থেকে যাবে সিআর সেভেনের নাম।











Be First to Comment