Press "Enter" to skip to content

নিত্যযাত্রীর জন্য বড় সুখবর পূর্ব রেলের…।

রেলের বড় উপহার

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ২ জুলাই, ২০২৬। শিয়ালদহ ডিভিশনের লক্ষ লক্ষ নিত্যযাত্রীর জন্য বড় সুখবর পূর্ব রেলের। প্রতিদিন অফিসযাত্রী, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ ভরসা রাখেন শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের ওপর। ভিড় কমানো, যাতায়াত আরও আরামদায়ক করা এবং বিভিন্ন শাখায় যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এবার একগুচ্ছ নতুন উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। শুধু একটি নতুন এসি লোকাল ট্রেনই নয়, শিয়ালদহ মেন লাইন, বারাসত, হাসনাবাদ, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার এবং লক্ষ্মীকান্তপুর শাখা মিলিয়ে একাধিক নতুন ট্রেন চালু, কয়েকটি ট্রেনের রুট সম্প্রসারণ এবং বিশেষ ট্রেন পরিষেবার ঘোষণাও করা হয়েছে।

শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জানান, আগামী ৬ জুলাই, সোমবার থেকে আপাতত পরীক্ষামূলকভাবে সপ্তাহে পাঁচ দিন, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই নতুন পরিষেবাগুলি চালানো হবে। সবকিছু ঠিক চললে ভবিষ্যতে পরিষেবার পরিধি আরও বাড়ানো হতে পারে। রেলের এই সিদ্ধান্তে একদিকে যাত্রীদের সময় বাঁচবে, একইসঙ্গে কমবে নিত্যদিনের ভোগান্তিও।

সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে নতুন শিয়ালদহ-বারাসত এসি লোকাল। বর্তমানে শিয়ালদহ ডিভিশনে দুটি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল আপ-ডাউন করে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি নতুন পরিষেবা। ফলে যাত্রীরা আরও একটি নির্দিষ্ট সময়ে শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক ট্রেনে সফরের সুযোগ পাবেন।

নতুন এসি লোকালটির আপ ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছাড়বে এবং বেলা ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছবে। ফের ডাউন ট্রেনটি বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে রওনা দিয়ে দুপুর ১২টা ১৩ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। যাতায়াতের পথে ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে থামবে। ফলে এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলির যাত্রীরাও নতুন এসি লোকালের সুবিধা পাবেন।

শুধু এসি লোকালেই থেমে থাকেনি পূর্ব রেল। বারাসত, হাসনাবাদ এবং ব্যারাকপুর শাখার যাত্রীদের কথা মাথায় রেখেও নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিকেল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিকেল ৪টা ৩৮ মিনিটে বারাসত থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি নতুন লোকাল ট্রেন চালু করা হচ্ছে। এর ফলে অফিস ফেরত যাত্রীদের জন্য যাতায়াত অনেকটাই হবে সহজ।

হাসনাবাদ লাইনের যাত্রীদের জন্যও বড় পরিবর্তন। বর্তমানে চলা ৩৩৩১৯ ব্যারাকপুর-হাসনাবাদ লোকালটি এতদিন ব্যারাকপুর থেকে ছাড়ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে ট্রেনটি ব্যারাকপুরের পরিবর্তে বিকেল ৫টা ২৪ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। এর ফলে এই গুরুত্বপূর্ণ অংশের যাত্রীরা আরও সহজে ট্রেন ধরতে পারবেন এবং ব্যস্ত সময়ের চাপও কিছুটা কমবে।

নদিয়ার যাত্রীদের বহুদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যারও সমাধান করতে চলেছে পূর্ব রেল। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, রাত ৯টার পর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার কোনও ট্রেন না থাকায় নিত্যযাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হত। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার রাতের ট্রেন পরিষেবায় বড় পরিবর্তন আনা হয়েছে। রাত ১০টা ৮ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া ৩১৬১৩ শিয়ালদহ-রানাঘাট লোকালটি এবার থেকে কৃষ্ণনগর পর্যন্ত চলবে। একইভাবে, ভোরের পরিষেবাতেও পরিবর্তন। এতদিন রানাঘাট থেকে ছাড়া ৩১৬১৪ রানাঘাট-শিয়ালদহ লোকালটি এবার থেকে ভোর ৫টা ৩৪ মিনিটে কৃষ্ণনগর থেকেই যাত্রা শুরু করবে। এর ফলে কৃষ্ণনগরের যাত্রীদের জন্য রাত এবং ভোর—দুই সময়েই যাতায়াত অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে।

গ্রামীণ এলাকার যোগাযোগ আরও উন্নত করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। ৩১৫৮৫ আপ রানাঘাট-শান্তিপুর- কৃষ্ণনগর লোকাল ট্রেনটির রুট আমঘাটা পর্যন্ত করা হচ্ছে। পাশাপাশি সকাল ৮টা ৩০ মিনিটে চালু হচ্ছে একটি নতুন আমঘাটা-কৃষ্ণনগর লোকাল। এই নতুন ট্রেনের ফলে আমঘাটার যাত্রীরা সহজেই কৃষ্ণনগরে পৌঁছে সেখান থেকে শিয়ালদহ অথবা শান্তিপুরগামী ট্রেনে ওঠার সুযোগ পাবেন। এতে গ্রামীণ এলাকার বহু মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

এর পাশাপাশি ডায়মন্ড হারবার এবং লক্ষ্মীকান্তপুর শাখাতেও একাধিক নতুন ট্রেন চালুর ঘোষণা পূর্ব রেলের। সব মিলিয়ে বিভিন্ন শাখায় মোট ১১টি নতুন ট্রেন। পাশাপাশি ৫টি ট্রেনের রুট সম্প্রসারণ। অতিরিক্ত সুবিধার জন্য ট্র্যাকে নামছে ২টি বিশেষ ট্রেনও।

রেলের এই নতুন পরিকল্পনা নিঃসন্দেহে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য এক নতুন স্বস্তির বার্তা। প্রতিদিনের দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত ভিড়, সংযোগের সমস্যা এবং রাতের ট্রেনের অভাব—এই সবকিছুর সমাধানের দিকেই একধাপ এগোল পূর্ব রেল। আধুনিক পরিষেবা, উন্নত যোগাযোগ এবং যাত্রীবান্ধব পরিকল্পনার মাধ্যমে এবার আরও সহজ, আরামদায়ক ও নির্ভরযোগ্য হয়ে উঠতে চলেছে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন পরিষেবা।

 

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *