#আই এস এল জয়ী ভারত সেরা ইস্টবেঙ্গল#
গোপাল দেবনাথ : ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। ১০৬ বছরের প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল। গত ২১ মে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইন্টার কাশী ফুটবল দল কে ২-১ গোলে পরাজিত করে আই এস এল ট্রফি জয় করে ভারত সেরা হল ইস্টবেঙ্গল ক্লাব। আইএসএল জয়ের স্বাদ পেয়েছে সদস্য সমর্থকদের প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল। এটা শুধু একটা ট্রফি নয়, এটা ২২ বছরের স্বপ্ন, বিশ্বাস, লড়াই আর অগণিত সমর্থকের চোখের জলের মূল্য। এই জয় দেখার পর দেশ সহ বিশ্বের নানা প্রান্তের বসবাসকারী ইস্টবেঙ্গল সমর্থকরা উল্লাসে ফেটে পড়েছে। বহু মোহনবাগান সমর্থক ইস্টবেঙ্গলের আই এস এল ট্রফি জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে।
ইস্টবেঙ্গল আই এস এল ট্রফি জয়ের পর রাতেই ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ২২ তারিখ ক্লাবের মাঠে হবে মেগা সেলিব্রেশন। সেই হিসেবে দুপুর থেকে সদস্য সমর্থকরা ভিড় করতে থাকেন ক্লাব তাঁবুতে। পতাকা উত্তোলন থেকে শুরু করে ট্রফি ও মেডেল বিতরণ সবেতেই সমর্থকদের সঙ্গে আবেগে মিশে গেলেন খেলোয়াড়রা। আর প্রিয় প্লেয়ারকে পেয়ে সমর্থকদের আবেগ বাঁধ মানল না। মাঠে প্লেয়াররা মঞ্চে গিয়ে ট্রফি ও মেডেল নেন, এরপর শুরু হয় ফটোসেশন। ট্রফি ছুঁয়ে দেখা সেই সাথে ফটো তোলা। ৭ মাস বয়সী শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ সমর্থকদের দেখা গেল ক্লাব তাবুতে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, ক্লাব সচিব রূপক সাহা, সভাপতি মুরারী মোহন লোহিয়া সহ ক্লাবের প্রাক্তন ফুটবলার সহ সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজন।






Be First to Comment