
কঙ্ক ঘোষ দস্তিদার ; কলকাতা, ১ আগস্ট, ২০২৬। পূর্বের সাফল্যের সব হিসাব ওলটপালট শুক্রবারে ! ২০২৭ এর কমনওয়েলথ গেমসের এই দিনটি ভারতের ক্রীড়া ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। জুডো, অ্যাথলেটিক্স, বক্সিং একের পর এক খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের অসাধারণ পারফরম্যান্স ! কোথাও ইতিহাস, কোথাও ভেঙ্গেছে দীর্ঘদিনের অপেক্ষা, আবার কোথাও নতুন আশার আলো ! সব মিলিয়ে ভারতের ক্রীড়াঙ্গনের স্বপ্নের দিন।
জুডো থেকে অ্যাথলেটিক্স, বক্সিং থেকে প্যারা অ্যাথলেটিক্স প্রতিটি বিভাগেই ভারতীয়রা প্রমাণ দিয়েছেন! কোথাও এসেছে সোনা, কোথাও রুপো, কোথাও বা অর্জিত ব্রোঞ্জ।
দিনের সবচেয়ে বড় সাফল্য জুডোয়। কমনওয়েলথ গেমসের ইতিহাসে এই প্রথম জুডোতে পদক জিতল ভারত ! ইতিহাসের পাতায় নিজেদের নাম সোনালি অক্ষরে লিখে রাখলেন অস্মিতা দে এবং হর্ষ সিং। দু’জনেই নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। ভারতীয় জুডোর জন্য এই জয় নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা।
অ্যাথলেটিক্সেও ভারতের ঝুলিতে একের পর এক পদক ! তেজস্বিন শংকর আবারও নজর কাড়লেন। ডেকাথলনে ব্রোঞ্জ জেতা আরেকটি বিরল কৃতিত্ব তাঁর। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে তিনি হাই জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার ডেকাথলনে পদক জিতে কমনওয়েলথ গেমসের ইতিহাসে দুই ভিন্ন ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। আগের রাতেই ভারতের পদক তালিকায় নতুন সংযোজন ডিসকাস থ্রোয়ার সীমা কালিরামনার। মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ৫৮.৬৫ মিটার ছুড়ে তিনি ব্রোঞ্জ পদক জেতেন। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এই ক্রীড়াবিদ একসময় বাস্কেটবল ও জ্যাভলিন থ্রোয়ার ছিলেন। পরে ডিসকাস থ্রোয়ার। সেই সিদ্ধান্তই তাঁকে এনে দিল আন্তর্জাতিক সাফল্য। বর্তমানে শারীরশিক্ষা নিয়েও গবেষণা করছেন সীমা। মাঠের লড়াই আর শিক্ষার জগৎ দুই ক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন তিনি !
শুক্রবারের সবচেয়ে বড় চমক ভারতীয় বক্সিং দলের। একদিনেই ভারতের দশজন বক্সার নিজেদের সেমিফাইনাল জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন ! ফলে প্রত্যেকেই অন্তত রুপোর পদক নিশ্চিত। তবে আশা করব সোনা জয়ের !
পুরুষদের বিভাগে ৮০ কেজিতে অঙ্কুশ পাঙ্য়াল, ৫৫ কেজিতে জাদুমণি সিং, ৫০ কেজিতে শচীন সিওয়াচ এবং ৯০ কেজির বেশি ওজন বিভাগে নরেন্দর ফাইনালে উঠেছেন। মহিলাদের বিভাগে ৫১ কেজিতে সাক্ষী চৌধুরী, ৫৪ কেজিতে প্রীতি পাওয়ার, ৫৭ কেজিতে জেসমিন লাম্বোরিয়া, ৬০ কেজিতে প্রিয়া ঘংঘাস, ৭০ কেজিতে অরুন্ধতী চৌধুরী এবং ৭৫ কেজিতে লভলিনা বরগোঁহাইও ইতিমধ্যেই ফাইনালে।
সব মিলিয়ে ভারতের ঝুলিতে এখন মোট ২৩টি পদক। ৫টি সোনা, ১২টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত এখন দশম স্থানে।
ভারতের পাঁচটি সোনার পদক এসেছে ভারোত্তোলনে মহিলাদের ৪৮ কেজি বিভাগে মীরাবাই চানু, মহিলাদের এফ-৫৭ শটপুটে শর্মিলা ধনকড়, পুরুষদের টি-৪৭ ১০০ মিটার প্যারা অ্যাথলেটিক্সে দিলীপ মাহাদু গাভিট, জুডোতে অস্মিতা দে এবং পুরুষদের জুডোতে হর্ষ সিংয়ের হাত ধরে।
রুপোর পদক জিতেছেন পুরুষদের জ্যাভলিনে নীরজ চোপড়া, হাই জাম্পে সর্বেশ কুশারে, লং জাম্পে মুরলী শ্রীশংকর, ১০ হাজার মিটার দৌড়ে গুলবীর সিং, পুরুষদের ১১০ কেজির বেশি ভারোত্তোলনে লভপ্রীত সিং, ৭৯ কেজিতে ভাল্লুরি অজয় বাবু, মহিলাদের ৬৯ কেজিতে হরজিন্দর কৌর, পুরুষদের ৬০ কেজিতে ঋষিকান্ত সিং, ৬৫ কেজিতে মুথুপন্ডি রাজা, মহিলাদের ৫৩ কেজিতে জ্ঞানেশ্বরী দেবী, পুরুষদের টি-৪৭ ১০০ মিটার প্যারা অ্যাথলেটিক্সে মহম্মদ বাসিল এবং জুডোতে যামিনী।
ব্রোঞ্জ পদক জিতেছেন পুরুষদের জ্যাভলিনে যশবীর সিং, মহিলাদের এফ-৫৭ শটপুটে শিল্পা সাইলা, ডেকাথলনে তেজস্বিন শংকর, পুরুষদের প্যারা ভারোত্তোলনে ঝান্ডু কুমার, মহিলাদের ৫৭ কেজি ভারোত্তোলনে বিন্দিয়ারানি দেবী এবং মহিলাদের ডিসকাস থ্রোতে সীমা কালিরামন।
জুডোয় ইতিহাস, অ্যাথলেটিক্সে নতুন কীর্তি, বক্সিংয়ে সোনার সম্ভাবনা সব মিলিয়ে কমনওয়েলথ গেমসের এই দিনটি ভারতের ক্রীড়া ইতিহাসে বহুদিন উজ্জ্বল হয়ে থাকবে।









Be First to Comment